• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক

medianewsbd / ২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর-হায়দরগঞ্জ সড়কের মডেল মসজিদ পর্যন্ত অংশের সংস্কারকাজের ধীরগতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ধুলাবালি, খানাখন্দ ও কাদার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

স্থানীয়দের অভিযোগ, কাজ উদ্বোধনের মাত্র ১৫ দিনের মাথায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের চাপে পুনরায় কাজ শুরু হলেও অধিকাংশ সময় মাত্র দুই-তিনজন শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে। অনেক সময় শ্রমিকশূন্য অবস্থায়ও কাজ বন্ধ পড়ে থাকতে দেখা যায়। এতে কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, এভাবে চলতে থাকলে রাস্তার কাজ শেষ হতে আরও কয়েক বছর লেগে যেতে পারে।

এ সড়ক দিয়ে প্রতিদিন পৌরসভার সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে তাদের নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী সাধারণ মানুষ বলছেন, “আমাদের ভোগান্তি এখন শেষ পর্যায়ে। শান্তিপূর্ণ প্রতিবাদ ছাড়া আর কোনো বিকল্প নেই।”

এ অবস্থায় রায়পুর পৌরসভার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান রিয়াজ রায়পুরবাসীর প্রতি শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসন ও বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তাই কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশ নেওয়ার অনুরোধ জানান।

আগামী ১ জুলাই (বুধবার) বিকেল ৫টা ৩০ মিনিটে নতুন বাজার খেজুরতলা মোড় থেকে থানা মোড় পর্যন্ত রাস্তার পাশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, নিয়মিত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনভোগান্তি কমাতে পৌরসভার অর্থায়নে সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রায়পুরবাসী। তারা বলছেন, উন্নয়ন প্রকল্পের কাজ যেন আর ধীরগতির কারণে জনদুর্ভোগের কারণ না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category